গোবিন্দগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযান, মাদক ও অস্ত্রসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের মালঞ্চা গ্রামে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ১৮০ পিস নেশাজাতীয় ট্যাবলেট (ট্যাফেন্টাডল), ৬টি দেশীয় অস্ত্র, ২টি মোবাইল ফোন এবং একটি পাঁচশ টাকার জাল নোটসহ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলমের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি চলে পুরো রাতব্যাপী। এতে আটক হন শিবপুর ইউনিয়নের মালঞ্চা গ্রামের আব্দুল মজিদের ছেলে বাহাদুর সরকার, যিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
অভিযানকালে উদ্ধারকৃত মাদক, অস্ত্র ও অন্যান্য আলামত জব্দ করা হয়। সেনাবাহিনীর এই সফল অভিযান এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে। স্থানীয় বাসিন্দারা যৌথ বাহিনীর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এ ধরনের অভিযান আরও জোরদার করার আহ্বান জানান।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, আটককৃত বাহাদুর সরকারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।
তথ্যসূত্র: গোবিন্দগঞ্জ থানা ও গাইবান্ধা সেনা ক্যাম্প।
– দৈনিক বড়দিগন্ত

২৫.২৬°সে