বড়দিগন্ত ডেস্কঃ
মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে গেছে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক পদক্ষেপের ফলে। ইরানে মার্কিন হামলার ঘটনায় লাতিন আমেরিকার অন্তত পাঁচটি দেশ কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। কেউ কেউ এটিকে সরাসরি সামরিক আগ্রাসন আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে, আবার কেউ শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজে নিতে সংলাপের আহ্বান জানিয়েছে।
কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াস-কানেল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলেন,
“আমরা এই হামলার তীব্র প্রতিবাদ জানাই। এটি শুধু আন্তর্জাতিক আইন লঙ্ঘনই নয়, বরং পুরো মানবজাতির জন্য একটি বিপজ্জনক বার্তা বহন করে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে উঠতে পারে এই পদক্ষেপে।”
চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিচ একইভাবে উদ্বেগ জানিয়ে বলেন,
“আমরা শান্তির পক্ষে। এই ধরনের আক্রমণ সংঘাতকে আরও উসকে দেয়, যা কারও জন্য ভালো নয়।”
ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ ঘটনাকে “ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন” হিসেবে বর্ণনা করে এর বিরোধিতা করেছে।
অন্যদিকে, কলম্বিয়া ও মেক্সিকো হামলার ঘটনায় সরাসরি অবস্থান না নিয়ে সংকট নিরসনে আলোচনার পথ খোলার আহ্বান জানিয়েছে।
কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “বর্তমান সংকট থেকে উত্তরণে সংলাপই হতে পারে একমাত্র গ্রহণযোগ্য পথ।”
মেক্সিকোর পক্ষ থেকেও একই ধরনের বার্তা এসেছে। তারা আঞ্চলিক শান্তি ও সহযোগিতা বজায় রাখার ওপর জোর দিয়েছে।